সংখ্যাগরিষ্ঠতা হারাল লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসের জোট
শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটেও ভাঙন ধরা দিয়েছে। দেশজুড়ে চরম অর্থনৈতিক সংকট নিয়ে চলছে নিদারুণ অসন্তোষ। জনতা বিক্ষুব্ধ। এমন সময়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নেতৃত্বাধীন জোট।
মঙ্গলবার পার্লামেন্ট শুরু হয়েছে। এবং এদিনই এই ঘটনা ঘটেছে। জানা গেছে, শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি (এসএলএফপি), শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি), সিলন ওয়ার্কার্স কংগ্রেসের (সিডব্লিউসি) ৪২ জন আইনপ্রণেতা এদিন অধিবেশনে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন।
এর আগে গণবিক্ষোভের মধ্যে মন্ত্রিসভার ২৬ সদস্য পদত্যাগ করেন। শুধু প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে থেকে যান। গোটাবায় প্রেসিডেন্টের পদ ছাড়তে অসীকৃতি জানিয়েছেন।
তবে তার অবস্থা এখন ভালোর দিকে নেই। মন্ত্রিসভার প্রায় সবাই পদত্যাগ করায় সর্বদলীয় সরকার গঠনের যে আহ্বান গোটাবায়া জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারাও প্রেসিডেন্টের পদত্যাগের দাবি তুলেছে এখন।
অবস্থা কতোটা করুণ দেখতে হবে। গোটাবায়ার ভাই মাহিন্দার নেতৃত্বাধীন এসএলপিপির সঙ্গে শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিও এতদিন সরকারে ছিল। দলটির নেতা সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা মঙ্গলবার রাজাপাকসের জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন।