সন্ধ্যা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবলো বালুবাহী বাল্কহেড, নিখোঁজ দুই
বরিশালের বানারীপাড়া সোমবার রাত সাড়ে ৯টার দিকে খেজুরবাড়িয়া এলাকায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী এমভি মর্নিংসান-৯ লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।
তবে জানা যায় ,লঞ্চের সামনের অংশের তলা ফেটে গেলেও সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। নিখোঁজ শ্রমিকরা হলেন, পিরোজপুরের নান্দুহার এলাকার মিলন ও একই কালাম।
এদিকে বাল্কহেডের মালিক কাজী হাবিবুল্লাহ জানান, প্রায় ৫০০ যাত্রী নিয়ে লঞ্চটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটি দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বালুভর্তি বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে ওই দুই শ্রমিক নিখোঁজ হন।
বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, বাল্কহেডকে ধাক্কা দেওয়ায় লঞ্চের সামনের অংশ ফেটে পানি প্রবেশ করে। লঞ্চটি মেরামতের চেষ্টা চলছে। কিছু যাত্রী লঞ্চে রয়েছেন। বাকিরা চৌধুরী হাট এলাকায় নেমে যান। লঞ্চ ঢাকায় ছেড়ে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।