শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত নামল কুড়ির নিচে, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 26 এপ্রিল 2022, 04:33 দুপুর • 1,007 বার পঠিত
শনাক্ত নামল কুড়ির নিচে, মৃত্যু নেই

দুই বছর পর এমন ঘটনা ঘটল। করোনাভাইরাসে দেশে শনাক্ত রোগীর সংখ্যা নেমে এল ২০ এর নিচে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী মিলেছে ১৯ জন। এই সময়ে কারো মৃত্যু হয়নি। ফলে টানা ৬ দিন করোনায় মৃত্যুহীন রইল দেশ।

করোনা এই দেশে হানা দেয় ২০০২ সালের মার্চে। সেই বছরের ৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর ১৮ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল। এরপর সংখ্যাটা ক্রমে ওপরের দিকে উঠেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর আজ মঙ্গলবার তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯ জনের কোভিড শনাক্ত হয়েছে।

এতে করে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৩৮ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৪৩ শতাংশ ছিল।

নতুন শনাক্ত ১৯ রোগীকে নিয়ে করোনাভাইরাসে দেশে এখন অব্দি শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন হয়েছে। গত এক দিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ১২৭ জন আছে।

সরকারি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ৩৬৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত  সুস্থ হলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। 

এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২৯ হাজার ৩৫২ জন।