শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সম্পর্ক স্বাভাবিকের প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাহরাইন

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2020, 08:21 রাত • 88 বার পঠিত
সম্পর্ক স্বাভাবিকের প্রস্তাব প্রত্যাখ্যান করলো বাহরাইন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে বাহরাইন। দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে দেশটির বাদশা হামাদ বিন ইসা আল খলিফা।

বুধবার মানামায় বাহরাইনের বাদশার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও। বৈঠকে বাদশা পম্পেওকে স্পষ্ট করে জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা কোনো অর্থ নেই।

গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। অচিরেই আরো কয়েকটি আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করবে বলে আশা প্রকাশ করেন ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা। এ লক্ষ্যেই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে পাঁচ দিনের সফরে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার সুদান পৌঁছান তিনি। তবে পম্পেওর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো সুদান ও বাহরাইন।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিশীল তার দেশ। ২০০২ সালে আরব লিগের মাধ্যমে ওই উদ্যোগ নেয়া হয়। এতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরায়েলি দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয়া হয়। তবে এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে কোনো উদ্যোগ নেয়নি ইসরায়েল।