সমাজকল্যাণ মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল শনিবার রাত পৌনে তিনটার দিকে। বুকে ব্যথা অনুভব করছিলেন। তিনি ভালোই আছেন। তবে সতর্কতা হিসেবে আজ দুপুরে মন্ত্রীকে রমেক হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে মন্ত্রীকে ঢাকায় পাঠানো হয়। তবে তাকে ঢাকায় কোন হাসপাতালে ভর্তি করা হবে তা এখনও নির্ধারণ হয়নি।
সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (এপিএস) মিজানুর রহমান মিজান আজ রোববার জানান, শনিবার রাতে লালমনিরহাটের নির্বাচনী এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী। এর পর তিনি অসুস্থ বোধ করতে থাকেন। তাই গভীর রাতেই মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানকার করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মেডিকেল কলেজের বিভাগীয় চিকিৎসক অধ্যাপক শাকিল গফুরের তত্ত্বাবধানে ছিলেন। শাকিল গফুর আজ দুপুরে বলেছেন, মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
ঈদ উদযাপনের জন্য গত ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।