সকল প্রকার অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে
সকল অন্যায় ও অবৈধ দখলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, সবাই মিলে প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে কুড়িল ফ্লাইওভার লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ডিএনসিসি এলাকায় মৎস্য অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করার পর প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম একথা বলেন।
তিনি বলেন, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। এই প্রতিপাদ্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী। আতিকুল ইসলাম বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী, আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় ৬০ শতাংশ প্রাণিজ আমিষের জোগান দেয় মাছ।
ডিএনসিসি মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের ফলেই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।
তিনি কুড়িল ফ্লাইওভার লেকের চমৎকার পরিবেশের জন্য স্থানীয় কাউন্সিলরসহ এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং লেকটিকে ঘিরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের জন্য ডিএনসিসি থেকে প্রয়োজনীয় বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।