সিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণ: নিহত ৯১
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে তেলের ট্যাঙ্কারে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও কয়েক ডজন আহত হয়েছেন; যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ফ্রিটাউনের কাছের ওয়েলিংটনের ব্যস্ত চোইথরাম সুপার মার্কেটের পাশের একটি মোড়ে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। -বিবিসি, রয়টার্স
বিবিসি বলছে, শুক্রবার ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে মুহূর্তের মধ্যে সেখানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করলেও বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন।