সিটিতে ৩৫, দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা ভাড়া বেড়েছে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বেড়েছে যানবাহনের ভাড়াও। গতকাল রাতে এসেছে এই ঘোষণা। আজ থেকে এই ভাড়ায় দেশে চলছে যানবাহন।
সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা ভাড়া বাড়োনো হয়েছে। আর দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত এসেছে।
শনিবার বিকেল থেকে রাত অব্দি সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সমিতির বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
৪ ঘণ্টা বৈঠক শেষে ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন সড়ক সচিব এ বি এম আমিনুল্লাহ নুরী।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মাদ মজুমদার বলেন, ‘‘মূল্য নির্ধারণ কমিটি যাবতীয় কস্টিং এবং তেলের দাম বৃদ্ধির বিষয়টা বিবেচনা করে ভাড়া পুনঃ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছি। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের অনুমতি নেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সা৷ এখন ভাড়া পুনঃ নির্ধারণ করা হয় ২ টাকা ২০ পয়সা। আর সিটি সার্ভিসে কিলোমিটার প্রতি ছিল ২ টাকা ১৫ পয়সা, এখন ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডিটিসিএ আওতাভুক্ত জেলাগুলোতে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৪০ পয়সা। এছাড়া বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ ও ৮ টাকা বহাল রেখেছি।’’
নতুন এই ভাড়া আজ (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।
দূরপাল্লার ভাড়া বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভাড়া বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ডিটিসিএ আওতাভুক্ত এলাকায় ভাড়া বেড়েছে ১৭ শতাংশ।