সিরিয়ার দামস্কে, সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা
সিরিয়ার রাজধানী দামেস্ক ও পশ্চিমাঞ্চলীয় শহর হোমসের কাছে একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার হামলা চালিয়েছে ইসরায়েল, জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুদ্ধ থামানোর জন্য চাপ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন, তার মধ্যেই এসব হামলা চালাল ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র দেশটি।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কেন্দ্রীয় দেমেস্কের কাফর সুসা এলাকায় এবং হোমসের গ্রামীণ এলাকার একটি সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে, এতে এক সেনা নিহত ও আরও সাতজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়টি এই হামলায় ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হওয়ার কথা উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি, খবর রয়টার্সের।
এর আগে একইদিন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছিল, কাফর সুসার একটি আবাসিক ভবনে ইসরায়েল আঘাত হানার পর দামেস্কে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
প্রতিবেশী সিরিয়ায় হামলার সুনির্দিষ্ট প্রতিবেদন নিয়ে ইসরায়েল সাধারণত কোনো মন্তব্য করে না।