সিরাজগঞ্জে ট্রাক -পিকআপ সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত,আহত ৫
গতকাল সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল ভ্যান হাটিকুমরুল এলাকা থেকে ফিরারপথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কোনাবাড়ীতে একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এতে সেনাবাহিনীর কর্মকর্তাসহ আরো তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল ও হাসপাতালে যান।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, নিহত সেনা সদস্যরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মেহেদী (৪০) ও রাজশাহী জেলার পুঠিয়া থানার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে দীপঙ্কর (২৭)। মেহেদী টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারীর কর্পোরেল ও দীপঙ্কর একই রেজিমেন্টের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
ওই ঘটনায় আহতরা হলেন- বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে ল্যান্স কপোর্রাল ইমরান (৩০), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সেনা সদস্য মাঈনুল (২১) ও সার্জেন্ট ফিরোজ। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনার আহত ৫ সেনা সদস্যকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে দুজন মারা গেছেন ও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।