সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন কৃষিশ্রমিক। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল বুধবার রাত দুইটার দিকে একটি পাথরবোঝাই ট্রাক ও লেগুনার মধ্যে সংঘর্ষ ঘটে। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, লেগুনাটি নাটোরের দিকে যাচ্ছিল। আর উল্টো দিক থেকে আসছিল ট্রাকটি। এসময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় ট্রাক আর লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তাতে চারজন মারা যান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো একজন মারা যান।
নিহত ব্যক্তিদের লাশ থানায় হাটিকুমরুল হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত করে তা যার যার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় পড়া ট্রাক ও লেগুনা থানার হেফাজতে আছে। আহত ব্যক্তিদের রাজশাহী ও সিরাজগঞ্জে চিকিৎসা নিতে পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনায় নিহত ৫ জন হলেন নাটোরের বাসাবাড়িয়া গ্রামের মকবুল হোসেন (৩৫), আবদুল হালিম (৩৫) বাগাতিপাড়া থানার ছোট পাকা গ্রামের মুকুল হোসেন (৩৫) ও মনির হোসেন (৩৪) ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের হায়দার আলী (৪০)।