সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার
যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টা যমুনার নদীর পানি স্থিতিশীল অবস্থায় রয়েছে। পানি ১৩.৩২ সে.মি লেভেলে প্রবাহিত হচ্ছে। যা বিপদসীমার ৩ সে.মি নিচে রয়েছে। এতে সিরাজগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
এদিকে নিম্নাঞ্চলের বসতভিটায় পানি ওঠায় অনেক রাস্তাঘাটে আশ্রয় নিয়েছে। আউশ ধান ও পাট এবং শাকসবজি নষ্ট হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এছাড়াও পানি স্থিতিশীল থাকলেও যমুনার অরক্ষিত অঞ্চলে ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গনে চৌহালী, শাহজাদপুর, কাজিপুরের চরাঞ্চলে শতাধিক বসতভিটাসহ ফসলী জমি নদীগর্ভে তলিয়ে গেছে। বতসভিটা হারানো মানুষগুলো অসহায়ভাবে দিন কাটাচ্ছে। পানিবন্দী মানুষের কর্ম না থাকায় নিদারুণ কষ্টে রয়েছে।
এদিকে আবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, বর্তমানে পানি স্থিতিশীল রয়েছে। বুধবার থেকে আবারও পানি বাড়তে বলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে।