সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতির মৃত্যু
সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৩ মার্চ) ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মির্জা বাবু সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস জানান, প্রায় দুই মাস আগে ভাইরাসজনিত একটি বিরল রোগে আক্রান্ত হন মির্জা বাবু। এরপর থেকেই তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার অকাল প্রয়াণ ঘটে।
রবিবার (২৩ মার্চ) রাত ১০টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।
মির্জা বাবুর মৃত্যুতে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।