শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলিন্ডারে অক্সিজেন না থাকায় শিশু মৃত্যুর অভিযোগ

অনলাইন নিউজ পোর্টাল • 13 ডিসেম্বর 2020, 09:59 রাত • 192 বার পঠিত
সিলিন্ডারে অক্সিজেন না থাকায় শিশু মৃত্যুর অভিযোগ

পাঁচটি সিলিন্ডার পরিবর্তন করেও অক্সিজেনের অভাবেই শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই শিশুর নাম সামারা ফালাক (১০ মাস)। তবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়েছিলো বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

রোববার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা মোহাম্মদ ফয়সাল জানান, ‘জন্মের পর থেকেই আমার শিশুটির হার্টের সমস্যায় ভুগছিলো। গত ৬ মাস আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ হার্টে তার অস্ত্রোপচার করা হয়েছিলো। পরে কিছুটা সুস্থ হলে তাকে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসা হয়। গত শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে।

সেখানে ডাক্তারের পরামর্শে অক্সিজেন দেয়া হয়। সে অক্সিজেন সঠিকভাবে পাচ্ছে না সন্দেহ হলে আমি উপস্থিত নার্স ও ওয়ার্ড-বয়কে জানাই। পরে তারা একে একে পাঁচটি সিলিন্ডার পরিবর্তন করার পরেও আমার শিশু অক্সিজেন সঠিকভাবে পায়নি। এর ফলেই তার মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল জানান, শিশুটি রাতে অসুস্থ হয়ে পড়লে তারা তাকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এর তার আগে অক্সিজেন লাগানোর পরামর্শ দেন। তার পরামর্শেই শিশুটিকে অক্সিজেন দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

ডা: নাদিরুল আজিজ চপল বলেন, ‘আমাদের এখানে স্বয়ংক্রিয় অক্সিজেন কনসেনট্রেটর মেশিন রয়েছে। যেটি নিজেই অক্সিজেন তৈরি করতে পারে। এ ছাড়াও শিশুটির অবস্থা খুব খারাপ ছিলো বলেই তার পাশে একাধিক সিলিন্ডার রাখা হয়েছিলো।