শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে সংঘর্ষে যুবক নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 26 নভেম্বর 2024, 12:45 দুপুর • 149 বার পঠিত
সিলেটে সংঘর্ষে যুবক নিহত

সিলেটে নগরীর শাহপরাণ বাহুবল এলাকায় সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রঙ মিস্ত্রী এবং স্থানীয় যুবদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এলাকায় ‘আধিপত্য বিস্তার নিয়ে’ বিরোধের জেরে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, “কয়েকদিন থেকে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় সালিশ বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি। পরে আবার দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন বিলাল।”

তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক বিলালকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।