সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
সিলেটের সাংবাদিক ফতেহ ওসমানী হত্যা মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সকাল ১১টায় সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস রায় এ আদেশ দেন। একইসঙ্গে আসামিদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি অ্যাডভোকেট মো: মফুর আলী। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন, একমাত্র আসামি জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: কাশেম আলী (৩৪)। অপর পাঁচ আসামি টাইগার সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক।
২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম এবং কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে কতোয়ালী থানায় মামলা দায়ের করেন।