শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গ নিয়ে চার মাসের শিশুর মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 06 এপ্রিল 2026, 04:50 দুপুর • 143 বার পঠিত
সিলেটে হামের উপসর্গ নিয়ে চার মাসের শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন।

সিলেটে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এটিই প্রথম মৃত্যু জানিয়ে মাহবুবুর রহমান বলেন, “শিশুটি ব্রঙ্কোনিউমোনিয়া বা ফুসফুস সংক্রমণে ভুগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। বেলা ১টার দিকে হামের লক্ষণ নিয়ে শিশুটি মারা যায়। ল্যাব পরীক্ষা শেষে রিপোর্ট আসলে শিশুটি হামে আক্রান্ত ছিল কি-না তা নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে সিলেটে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দশ শয্যার একটি আইসোলেশন ইউনিট চালু হয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “সম্প্রতি শিশুদের মধ্যে হাম রোগের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আক্রান্ত রোগীদের আলাদা রেখে যথাযথ চিকিৎসা দেওয়া যায়।”

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আইসোলেশন ইউনিট চালুর ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং অন্যান্য রোগীদের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

সোমবার দুপুর পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তিনটি ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ৭১ রোগী ভর্তি রয়েছে এবং ২৬ মার্চ থেকে ২০ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ডে আইসোলেশন সেন্টার চালু রয়েছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান।

তিনি বলেন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশুটি তাদের হামপাতালে ভর্তি ছিল। কিন্তু এই হাসপাতালে আইসিইউ না থাকায় তাকে ওসমানীতে পাঠানো হয়।