সিলেটে দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার পৃথক তিন স্থানে এসব দুর্ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় নগরীর আখালিয়ায় ট্রাকচাপায় মো. ফয়জুর রহমান (২৪) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। আখালিয়ার বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক জালালাবাদ থানার সাদিপুর সুনাতলার কুতুব উদ্দিনের ছেলে। এ ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনতা আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
একই দিন বিকেলে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরে পাখিটিকি নামক স্থানে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাশেদ আহমদ (২২) নামের আরেক মোটরসাইকেল আরোহী নিহত হয়। অন্য একজন আরোহী আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। রাশেদ আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
এর আগে রোববার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে হানিফ পরিবহনের বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (২৫)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের বাদল হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় তার সঙ্গী মিরাজ হোসেন (৩০) আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ।
তারা দু’জন স্থানীয় একটি ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করতেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস চালক আমিরুল ইসলামকে আটক করেছে। শেরপুর হাইওয়ে থানার টিএসআই বিধু ভূষন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।