সিলেট থেকে ট্রেন চলাচল ফের শুরু
আগের দিন পানিতে রেলওয়ে স্টেশন তলিয়ে যাওয়ায় সিলেট থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এর কারণে শনিবার থেকে সিলেটের সঙ্গে দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আজ রোববার ফের সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার খায়রুল কবির আজ দুপুরে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করে বলেন, ১২টা ৫৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
খায়রুল কবির জানান, ‘‘ঢাকা-সিলেট রেলপথে বন্যার পানি কিছুটা কমেছে। ফলে ৩টি লাইন ব্যবহার উপযোগী হয়েছে।’’
২৬ ঘণ্টা পর সিলেটের রেলওয়ে স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হলো। আজ ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশনে পৌঁছায়। দুপুর ৩টা ৪৫ মিনিটে এই ট্রেনটির ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাওয়ার কথা। বাকি আন্তঃনগর ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে।