শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেট হকার্স মার্কেটে আগুনে কোটি টাকার ক্ষতি

মোহাম্মদ খাইরুল আমিন • 02 মে 2022, 10:55 দুপুর • 226 বার পঠিত
সিলেট হকার্স মার্কেটে আগুনে কোটি টাকার ক্ষতি

ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার মাল তুলেছিলেন দোকানে। সব তো আর বিক্রি হয়নি ঈদের বাজারে। কিন্তু এখন আর কিছুই নেই। সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সিলেটের লালদীঘির হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মাথায় হাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ মার্কেটের ৫ নম্বর গলির একটি দোকানে আগুন দেখা যায়। এর পর সেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে আসে। তাদের নয়টি ইউনিট কাজে লেগে যায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তারা আগুন পুরোপুরি নেভাতে পারে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এই মার্কেটে ১০৩৫টি দোকান। এর মধ্যে ২০ থেকে ২৫টা দোকান পুড়ে গেছে। মার্কেটে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ফায়ার সার্ভিস এই আগুনে কতো টাকার ক্ষয়ক্ষতি হলো তা বলতে পারছে না। তবে ব্যবসায়ূদের দাবি তাদের কয়েক কোটি টাকার পোশাক আগুনে পুড়ে গেছে। 

ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, মার্কেটের ৩, ৪ ও ৫ নম্বর গলির অনেকগুলো দোকান পুড়ে গেছে। এগুলোতে পাইকারি মূল্যে কাপড় বেচা হতো।