শিক্ষার প্রসার হলেও মানের ভয়াবহ অবনতি: শিক্ষা উপদেষ্টা
দেশের শিক্ষার ব্যাপক প্রসার ঘটলেও মানের মারাত্মক অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “দেশের শিক্ষায় অনেক কিছুই হয়েছে। ব্যাপক প্রসার ঘটেছে। তবে শিক্ষার মানের ভয়াবহ অবনতি হয়েছে এবং হচ্ছে, যা অত্যন্ত আশঙ্কাজনক।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গ্র্যাজুয়েটদের উদ্দেশে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “তোমরা যারা কর্মজীবনে প্রবেশ করছো, শুধুমাত্র ক্যারিয়ার নয়, সমাজের প্রতি দায়িত্ববোধও রাখতে হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই সমাজের জন্য কাজ করার মূল উপায়।”
তিনি আরও বলেন, “আর্থিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং যে কাজ ভালো লাগে, তা পেশা হিসেবে গ্রহণ করাই উচিত। আমরা এমন সমাজ চাই, যেখানে সৎভাবে বুক উঁচু করে বাঁচা যায়।”
সম্প্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, “অনেকের ধারণা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তবে সাম্প্রতিক আন্দোলনে ব্র্যাকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে, তা এই ভুল ধারণা ভেঙে দিয়েছে।”
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক শারমিন ওবায়েদ চিনয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ ও ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।
এবারের সমাবর্তনে ৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দুজনকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ২৮ জনকে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।