শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩৮ দিনের ছুটি শুরু ২ মার্চ
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে নির্ধারণ করা হয়েছে। আগামী ২ মার্চ থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত। এরপর ৯ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২ মার্চ থেকে ছুটি শুরু হলেও ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় ২৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের জন্য শেষ ক্লাস অনুষ্ঠিত হবে।
এদিকে, অভিভাবক ঐক্য ফোরাম শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২০ রমজান পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া সোমবার বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বলেন, “শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। গত দুই মাসে সেভাবে পড়াশোনা হয়নি। এর মধ্যেই দীর্ঘ ছুটি। এরপর এসএসসি পরীক্ষা শুরু হবে। তাই অনলাইনে হলেও ক্লাস চালু রাখা উচিত।”
মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, "এই ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত। তবে বই দেরিতে বিতরণের কারণে কিছু ঘাটতি হয়েছে। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা ছুটি পুনর্বিবেচনা করবো।"
প্রতি বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী এই দীর্ঘ ছুটি থাকে, তবে এবারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার কোনো পরিবর্তন আনে কি না, সেটি এখন দেখার বিষয়।