শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

শিক্ষাবিদ ড. কাজি গোলাম মহিউদ্দিনের জানাজা বুধবার

মোহাম্মদ খাইরুল আমিন • 13 অক্টোবর 2025, 07:27 সকাল • 327 বার পঠিত
শিক্ষাবিদ ড. কাজি গোলাম মহিউদ্দিনের জানাজা বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক, প্রখ্যাত শিক্ষাবিদ ডক্টর কাজি গোলাম মহিউদ্দিনের দ্বিতীয় জানাজা আগামী বুধবার সকাল ১০টায় ফেনী শহরের পূর্ব উকিলপাড়া মুন্সিবাড়ি মসজিদে অনুষ্ঠিত হবে। 

এরপর মরহুমের সর্বশেষ জানাজা বাদ জোহর তার পৈত্রিক নিবাস ফেনী সদর থানার মাথিয়ারা কাজি বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে সেখানে তার প্রতিষ্ঠিত খানকায়ে আলিয়াতে তাকে দাফন করা হবে। এর আগে গত ৩ অক্টোবর বাদ জুমা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত ২৫ সেপ্টেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রী, এক ছেলে ডাক্তার কাজি মাসুম ও এক কন্যা অধ্যাপক কাজি ফারনাজ, ছোটভাই ড. কাজি গোলাম নিজামউদ্দিন, দেশে বড়ভাই প্রবীণ আয়কর আইজীবী কাজি গোলাম মাইন উদ-দীন, ছোটভাই শিল্পী কাজি গোলাম কিবরিয়া ও তিন বোনসহ অনেক আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ড. কাজি গোলাম মহিউদ্দিন অধুনালুপ্ত কাজি ক্যামিকেল ওয়ার্কসের প্রতিষ্ঠাতা মরহুম কাজি আলী নোয়াজের তৃতীয় ছেলে। তিনি ১৯৪৩ সালের ৬ মার্চ ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় জন্মগ্রহণ করেন। ফেনী পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ফেনী কলেজ থেকে এইচএসসি, ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম. কম. পাস করে সেখানেই শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’তে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে ফিরে এসে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ’তে শিক্ষক হিসেবে যোগদান করেন।

কাজি গোলাম মহিউদ্দিন ১৯৮১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলস (ইউসিএলএ) থেকে স্কুল অফ বিজনেস বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ ৪৫ বছরেরও অধিক সময় শিক্ষকতার পাঠ চুকিয়ে অধ্যাপক হিসেবে ইউসিএলএ থেকে অবসর গ্রহণ করেন।

তার প্রজ্ঞা, সততা ও শেখানোর আবেগ দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ছাত্র-ছাত্রীদের তিনি গড়ে তুলেছেন। তিনি নিজেকে একজন চিন্তাশীল এবং দায়িত্বশীল শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত করে তুলেছিলেন। শিক্ষকতার পাশাপাশি ড. কাজি গোলাম মহিউদ্দিন লস অ্যাঞ্জেলস শহরে আমৃত্যু ইসলাম ধর্ম ও সুফিবাদের প্রচারে সম্পৃক্ত ছিলেন।

তার মরদেহ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।