শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিআইএ’র সব কর্মীকে ‘আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার’ প্রস্তাব

মোহাম্মদ খাইরুল আমিন • 05 ফেব্রুয়ারি 2025, 06:56 বিকাল • 200 বার পঠিত
সিআইএ’র সব কর্মীকে ‘আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার’ প্রস্তাব

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অগ্রাধিকারের সঙ্গে মিল রেখে চলতে নিজেদের পুরো কর্মীবাহিনীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

বিষয়টি সম্বন্ধে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে।

সিআইএ-এর নতুন পরিচালক জন র‌্যাটক্লিফের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, এক বিবৃতিতে বলেছেন সংস্থাটির এক মুখপাত্র।

“প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ সিআইএ কর্মীবাহিনী নিশ্চিতে পরিচালক র‌্যাটক্লিফ দ্রুতগতিতে এগুচ্ছেন। এসব পদক্ষেপ সংস্থাটিকে নব উদ্যমে উজ্জীবিত করার সামগ্রিক কৌশলের অংশ,” বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা সংস্থা তার বাজেট এবং কর্মীসংখ্যা প্রকাশ করে না।

আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব নিয়ে গোয়েন্দা সংস্থাটির মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের সাড়া পায়নি রয়টার্স।

ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশ করে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসা ট্রাম্প আমলাতন্ত্র ছেঁটে ফেলা ও অনুগতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের লক্ষ্যে এরই মধ্যে হাজারো সরকারি কর্মীকে হয় বরখাস্ত নয়তো দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় সিআইএ কর্মীদেরও ‘বাইআউট’ বা আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহখানেক আগে হোয়াইট হাউস বেসামরিক পূর্ণকালীন ২০ লাখ ফেডারেল কর্মীকে চলতি সপ্তাহের মধ্যে চাকরি ছাড়ার ঘোষণা দিলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল।

ফেডারেল কর্মীদের এমন ‘বাইআউট’ ঠেকাতে মঙ্গলবার সরকারি কর্মীদের প্রতিনিধিত্ব করা বিভিন্ন ইউনিয়ন মামলা করে দিয়েছে বলে জানিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যম।

ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য র‌্যাটক্লিফ।

জানুয়ারিতে ট্রাম্প ফের ক্ষমতায় আসার কয়েকদিনের মাথায় মার্কিন সেনেট সিআইএর পরিচালক হিসেবে র‌্যাটক্লিফের নিয়োগও অনুমোদন করে।