সহজ ডটকমকে করা ২ লাখ টাকা জরিমানা আদায় স্থগিত
সহজ ডটকমকে করা দুই লাখ টাকার জরিমানা আদায় স্থগিত করেছেন হাইকোর্ট। ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে এই জরিমানা করা হয়েছিল।
সহজ আগের আদেশের বিরুদ্ধে রিট করেছিল। আজ রোববার সেই রিটের শুনানি হয়। এর পর বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত ২০ জুলাই ট্রেনের টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে।
সহজ ডটকম এর বৈধতা চ্যালেঞ্জ করে ২৫ জুলাই রিট করে।
আজকের রুলে সহজ ডটকমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা দুই লাখ টাকার জরিমানা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে বাণিজ্যসচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, মহিউদ্দিন রনিসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।