সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে আইনি নোটিস পাঠাল অ্যাস্ট্রাজেনেকা
কোভিশিল্ড উৎপাদনে চুক্তিবদ্ধ ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে (এসআইআই) আইনি নোটিস পাঠিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। টিকার চালান সময়মতো সরবরাহ করতে না পারায় এই নোটিস পেয়েছে সেরাম।
করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত টিকাটি বাজারজাত করছে ব্রিটিশ-সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। তারা সেরামকে দিয়ে টিকা তৈরি করাচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের প্রধান নির্বাহী আদর পূনাওয়ালা এক সাক্ষাৎকারে বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকা আমাদের একটি আইনি নোটিস পাঠিয়েছে (টিকা সরবরাহে দেরির কারণে) এবং আর ভারত সরকার বিষয়টি সম্পর্কে জানে।’
মঙ্গলবার ভারতের বিজনেস স্ট্যান্ডার্ডকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘এটি গোপন একটি নোটিস, এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে সরকারের সাহায্যে আইনি জটিলতা কাটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতে সরবরাহের বিষয়টিকে প্রাধান্য দেয়ার কারণেই অন্য দেশে সরবরাহে দেরি হচ্ছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’
আদর জানিয়েছেন, প্রতি মাসে ছয় কোটি থেকে সাড়ে ছয় কোটি ভ্যাকসিন তৈরি করতে পারে সিরাম। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মোট ১০ কোটি ভ্যাকসিন ভারতে সরবরাহ করেছে আর ছয় কোটি ভ্যাকসিন বিদেশে পাঠিয়েছে।