সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মির ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাউয়েল।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (২৫ মার্চ) এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাউয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাউয়েল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, তিনি বর্তমানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এ মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।