সেনা সদস্যকে গ্রেফতারের নির্দেশ দিলো তুরস্ক
২০১৬ সালের একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনা কেন্দ্র করে ২৭৫ জনকে আটক করার নির্দেশ দিয়েছে তুরস্ক, যাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। জানা গেছে, ২০১৬ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত মুসলমান নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। সেসময় এ ঘটনায় ২৫০ জনের মৃত্যু হয়।
এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির শহরে অভিযান পরিচালনা করছে পুলিশ। ২২টি প্রদেশে এ অভিযান পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে ১৪৫ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
পৃথক এক অভিযানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহর থেকে ১৬ জন সেনা কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ছয়জনকে কারাগারে পাঠান স্থানীয় আদালত এবং অন্য ১০ জনকে মুক্ত করে দেওয়া হয়।
পুলিশ জানায়, একজন মেজর, তিনজন লেফটেন্যান্ট, চিকিৎসক, শিক্ষকসহ সামরিক বাহিনীর ৪৪ জন সদস্যকে আটক করার নির্দেশ দিয়েছেন প্রসিকিউটররা। ইতোমধ্যে ৮টি প্রদেশে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া, বিমান বাহিনীর ৩২ জন সন্দেহভাজনের মধ্যে ২৫ জনকে পৃথক এক অভিযানের মাধ্যমে আটক করেছে পুলিশ।