সেনা প্রত্যাহারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি তিনি।
এর আগে, গত জানুয়ারি মাসে ইরাকের জাতীয় সংসদে একটি প্রস্তাব পাস হয় যেখানে বলা হয়েছে, এদেশ থেকে মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা প্রত্যাহার করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা হয়েছে।
আলোচনার পর বাগদাদ এবং ওয়াশিংটনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে ইরাকে সেনা রাখতে কিংবা স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি গড়তে চায় না।
মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ইরাকি প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন তাতে একথা পরিষ্কার নয় যে, ইরাকি সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য যেসব প্রশিক্ষক সেনা রয়েছে তাদেরও প্রত্যাহার করা হবে কিনা। ২০১৪ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর ইরাকি বাহিনীর প্রশিক্ষণ দেয়ার জন্য মার্কিন এসব প্রশিক্ষক মোতায়েন করা হয়।