শেখ মুজিবের ৩২ নম্বর এখন ধ্বংসস্তূপ
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর রূপান্তরিত বাড়ির অর্ধেক অংশ ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির আওতায় বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়। রাত ৮টার দিকে তারা স্লোগান দিতে দিতে ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
রাত ১১টার দিকে ছাত্র-জনতা সেখানে ক্রেন ও এক্সকাভেটর এনে ভবন ভাঙার কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এক্সকাভেটরটি চলে যায়। তবে লোহা-লক্কড়ের আশায় হাতুড়িসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে টুকটাক ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন ভাঙারি দোকানিরা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙা বাড়িটি দেখতে ভিড় বাড়তে থাকে। উৎসুক জনতা ও ভাঙারি দোকানিদের ধ্বংসস্তূপ থেকে বই, নারিকেল, লোহাসহ বিভিন্ন জিনিস ধ্বংসস্তূপ থেকে নিয়ে যেতে দেখা যায়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। পোড়া ধ্বংসস্তূপ থেকে উঠছে ধোঁয়া।
বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষ থেকে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে একটি মাইক বসানো হয়, যেখানে তারা স্লোগান ও বক্তব্য দিচ্ছিল।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদে ছাত্র-জনতা ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেয়।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়