শীতকালে বাড়ে ছিনতাই, সচেতনতাই মুখ্য করণীয়
যারা এলাকার ভাবমূর্তি নষ্ট করে তাদের সম্পর্কে আরও বেশি তথ্য সংগ্রহ করতে হবে। আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য। শীতকাল তথা ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, বেড়ে যায় টানা পার্টির দৌরাত্ম্য। এজন্য আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে। গতকাল রোববার ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ।
বক্তব্যের শুরুতে করোনায় গত শনিবার বাংলাদেশে কেউ মারা না যাওয়ায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কমিশনার বলেন, দেশে করোনার শুরুতেই আমরা ফ্রন্টফাইটার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যেভাবে পেরেছি সাধ্যমতো দেশের মানুষের সেবা করেছি। মিডিয়াতে তা ব্যাপকভাবে প্রচার হওয়ায় পুলিশ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। কেউ মারা না যাওয়ায় আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কেননা এরই মধ্যে উন্নত দেশে আবারও করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এজন্য আমাদের সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।