শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডের আগুন কখন পুরোপুরি নেভানো যাবে বলা যাচ্ছে না

মোহাম্মদ খাইরুল আমিন • 07 জুন 2022, 12:09 দুপুর • 294 বার পঠিত
সীতাকুণ্ডের আগুন কখন পুরোপুরি নেভানো যাবে বলা যাচ্ছে না

প্রায় আড়াই দিন হতে চললো। কিন্তু এখনো সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন জ্বলেছে। কিছু কন্টেইনার এখনো জ্বলছে। থেমে থেমে আগুন জ্বলছে তাতে। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে চলেছেন নিরলসভাবে। 

আজ মঙ্গলবার ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, আগুন ঠিক কখন পুরোপুরি নেভানো যাবে তা বলা সম্ভব হচ্ছে না। কারণ, অনেকগুলো কন্টেইনারের মধ্যে পণ্য আছে। সেগুলো জ্বলছে। এগুলো নিভিয়ে সরিয়ে না ফেলা পর্যন্ত আগুন যে পুরোপুরি নিভেছে তা বলা যাবে না।

ফায়ার সার্ভিসের ৯ জন আগুন নেভাতে গিয়ে মারা গেছেন। আরো আহত বেশ কয়েকজন। এক ধরনের ভীতি কর্মীদের মধ্যে এখনো আছে। সোমবার রাতেও একটি কন্টেইনার বিস্ফোরিত হয়ে কেমিক্যাল কাজ করতে থাকা কর্মীদের শরীরে ছিটকে এসে পড়েছে। 

শেষ খবর হলো, এখনো ২৮টি কন্টেইনারে থেমে থেমে আগুন জ্বলছে। এর মধ্যে আছে ১২টি ঝুঁকিপূর্ণ কন্টেইনার। যার মধ্যে আছে রাসায়নিক পদার্থ। এগুলো চিহ্নিত করা সম্ভব হচ্ছে না বলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। 

এখন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ৫০ জন সদস্য আগুন নেভানোর কাজ করছেন। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কন্টেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। 

এই দুর্ঘটনায় অন্তত আড়াইশত মানুষ আহত হয়েছেন। শেষ খবর, মারা গেছেন ৪১ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটারের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।