শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সীতাকুণ্ডে আগুন এখনো জ্বলছে

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জুন 2022, 11:25 দুপুর • 614 বার পঠিত
সীতাকুণ্ডে আগুন এখনো জ্বলছে

সেনাবাহিনীর আশা ছিল, রোববার রাত ১০টার মধ্যেই সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তা হয়নি। এমনকি আজ সোমবার সকালেও ডিপোতে আগুন জ্বলছে। প্রায় ৩৭ ঘণ্টা পার হ্ওয়ার পরও আগুন নেভেনি। 

এই ডিপোর আগুনের ভয়াবহতার মূল কারণ কেমিক্যালের কনটেইনার ও জার। ডিপোর পুরো এলাকা আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। কিন্তু কোথাও কোথাও কনটেইনারে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথাও আগুন ধিকি ধিকি জ্বলছে। আবার কোথাও নিভন্তপ্রায় আগুন থেকে ধোঁয়া উড়ছে। 

ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলস পরিশ্রম করেই যাচ্ছেন। তারা হাল ছাড়েননি। যে কনটেনার জ্বলছে তার পাশে রাসায়নিক ভরা একটা কনটেইনার থাকতে পারে বিবেচনায় বেশি সতর্কতার সঙ্গে কাজ করছিলেন তারা। 

ডিপোর মূল ফটকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রণে রেখেছেন। 

শনিবার রাত ১০টার দিকে এই আগুন লাগে। এরপর চট্টগ্রাম ও এর আশপাশের জেলাগুলো মিলে ফায়ার সার্ভিসের মোট ২৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। গতকাল রাতে ঢাকা থেকেও একটি বিশেষ দল এসে এই অভিযানে যো্গ দিয়েছে। সকাল কাজ করছিল ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট। 

চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কনটেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কনটেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। 

এই দুর্ঘটনায় কয়েক শত মানুষ আহত হয়েছেন। শেষ খবর, মারা গেছেন ৪৯ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটারের মৃত্যুর খবরও এসেছে। আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।