সীতাকুণ্ড ট্র্যাজেডি মামলায় আসামি করা হলো যাদের
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা দায়ের করে সীতাকুণ্ড থানার পুলিশ। আজ পুলিশ সেই ৮ আসামির নাম উল্লেখ করেছে।
আসমিরা হলেন- বিএম কন্টেইনার ডিপো লিমিটেডের জিএম নাজমুল আক্তার খান, ডিজিএম নুরুল আক্তার, ম্যানেজার এডমিন খালেদুর রহমান, সহকারী এডমিন অফিসার আব্বাস উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী ব্যবস্থাপক আব্দুল আজিজ, কন্টেইনার ফ্রেইট স্টেশন ইনচার্জ সাইফুল ইসলাম ও কন্টেইনার ফ্রেইট স্টেশন নজরুল ইসলাম। মালিক পক্ষের কাউকে এ মামলায় আসামি করা হয়নি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এর আগে জানিয়েছিলেন, পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্ঘটনার জন্য অবহেলাকে দায়ী করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এই মামলাটি দায়ের হয়। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।
চট্টগ্রাম নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের কন্টেইনার টার্মিনালে শনিবার রাত ১০টার দিকে আগুন লাগে। পরে কন্টেইনার বিস্ফোরিত হয়। এর পর চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সব ইউনিট মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে রাত ৩টার দিকে তারা তাদের কাজে সহায়তা করতে কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার অগ্নি নির্বাপক গাড়ি পাঠাতে অনুরোধ করে। রোববার সকালে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি বড় দল। গত চারদিন ধরে অমানুষিক পরিশ্রম করে গেছেন কর্মীরা।
এই দুর্ঘটনায় অন্তত আড়াইশত মানুষ আহত হয়েছেন। মারা গেছেন ৪৪ জন। আগুন নেভানোর দায়িত্ব পালন করতে গিয়ে ৯ জন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
শনিবার লাগা আগুন আজ বুধবার দুপুরের দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।