সীমান্তে রুশ সেনা, সমঝোতার প্রত্যাশা ইউক্রেনের
পূর্ব ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত এলাকা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে রাজি। আমি তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব ইউক্রেনে, যেখানে সংঘর্ষ চলছে। আসুন, সেখানে আমরা আলোচনায় বসি। তিনি আরো বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের আলোচনাকারীরা পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দেশের পরিখা ঘুরে দেখার পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
ইউক্রেনের অভিযোগ, সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে রাশিয়া । যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) ইউক্রেনের দাবি সমর্থন করেছে। জার্মানি ও ফ্রান্সের দাবি, অবিলম্বে রাশিয়াকে সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে মস্কোর বক্তব্য, প্রশিক্ষণ ও মহড়ার জন্যই সেনা মোতায়েন করা হয়েছে।