সীমান্ত সংঘাতে চীনকে সমর্থন পাকিস্তানের
ভারত নিয়ন্ত্রিত বিতর্কিত জম্মু-কাশ্মিরের লাদাখ এলাকায় ভারত-চীন সীমান্ত সংঘাতে বুধবার বেইজিংয়ের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দীর্ঘকালীন মিত্র পাকিস্তান। এক বিবৃতিতে বলা হয়েছে, চীন আন্তরিকভাবে ও আলোচনার মাধ্যমে সীমান্ত ইস্যু সমাধান করার সর্বাত্মক চেষ্টা করেছে। তবে ভারত এটিকে একই মনোভাবের সাথে গ্রহণ করেনি।
মঙ্গলবার বিতর্কিত জম্মু ও কাশ্মিরের লাদাখে চীনা সেনাদের সাথে সীমান্ত সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ১৯৭৫ সালের পর থেকে দুটি সীমান্ত বাহিনীর মধ্যে এটিই প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষ।
দু’দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা সাত দশকেরও বেশি সময় ধরে রয়েছে। যখন ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ভূখণ্ড নিজেদের দাবি করেছে চীন, তখন লাদাখ অঞ্চলের কিছু অংশসহ হিমালয়ের আকসাই চীন মালভূমি বেইজিংয়ের দখলে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত যখনই এই (হিন্দুত্ববাদ) মতাদর্শ অনুসরণ করে একগুঁয়েমি দেখাবে, তখনই এসব অঞ্চলের পরিস্থিতি খারাপ হয়ে উঠবে”। গত আগস্টে বিতর্কিত জম্মু ও কাশ্মির উপত্যকার কয়েক দশকের বিশেষ মর্যাদা ভারতের কেড়ে নেয়ার কথা উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নয়াদিল্লির এসব বিতর্কিত পদক্ষেপ চীন ও পাকিস্তান প্রত্যাখ্যান করেছে। তবে ভারত এসব বিষয়ে মধ্যপন্থী দৃষ্টিভঙ্গি দেখানোর পরিবর্তে চরমপন্থার নীতিতে জোর দিচ্ছে।”