সীমানা নিয়ে তৃতীয় দিনের শুনানি: ৩০৯ আবেদন নিষ্পত্তি করেছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণের তৃতীয় দিনের শুনানিতে মোট ৩০৯টি দাবি-আপত্তি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি অনুষ্ঠিত হয়।
আজ ঢাকা অঞ্চলের ছয় জেলার ২৮টি আসন নিয়ে ২৫৯টি আপত্তি ও ৫০টি পরামর্শের শুনানি হয়। সকালে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের আসনগুলো এবং বিকেলে ঢাকার বিভিন্ন আসনের দাবি-আপত্তি শোনা হয়।
শুনানিতে সবচেয়ে বেশি বিতর্ক হয় ঢাকার ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে। এক পক্ষ এগুলোকে ঢাকা-১৬, আরেক পক্ষ ঢাকা-১৮ আসনে রাখার দাবি জানায়। সাভার উপজেলাকে দুটি আসনে ভাগ করা এবং দোহার-নবাবগঞ্জকে পৃথক আসন করারও দাবি ওঠে।
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জে আগের চার আসন পুনর্বহালের দাবি জানান স্থানীয় প্রতিনিধিরা। তারা বলেন, ২০০৮ সালে আসন কমানোর ফলে জনগণের প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে গাজীপুরে নতুন একটি আসন বাড়ানোয় এলাকাবাসী ইসিকে ধন্যবাদ জানায়।
শুনানিতে বিএনপি নেতা একেএম ফজলুল হক মিলন বলেন, “গাজীপুরে আসন বাড়ানো দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান কমিশন সততা ও আন্তরিকতায় অতীতের যেকোনো সময়ের তুলনায় অগ্রগামী।”
আগামীকাল (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির শুনানি হবে। এর আগে প্রথম দুই দিনে কুমিল্লা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের মোট ৩৮টি আসনের ১,৩২৪ আবেদন নিষ্পত্তি করে ইসি।