সবসময় পর্যবেক্ষণ করা হবে পাটের বাজার: বস্ত্র ও পাটমন্ত্রী
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, অভ্যন্তরীণ বাজারে প্রয়োজনীয় কাঁচাপাট সরবরাহ নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রফতানির ধারা বেগবান করার লক্ষ্যে কাঁচাপাটের বাজার সর্বদা পর্যবেক্ষণে রাখা হবে। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কাঁচাপাটের বাজার ব্যবস্থাপনা, তদারকি ও কাঁচাপাট রফতানি বিষয়ে এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলতি বছর পাট মৌসুম শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের কাঁচাপাট বাজারে আসতে শুরু করেছে। এ মৌসুমে কাঁচাপাটের উৎপাদনও সন্তোষজনক। পাটচাষিরা ভালো পাটের ভালো দাম পাচ্ছেন। চলতি পাট মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী, পাটচাষ নিশ্চিতকরণে বীজ সরবরাহ সঠিক রাখা হয়েছে। কোনো কারণে যেন কাঁচাপাটের দাম অসহনীয় না হয় সেজন্য সর্বদা কাঁচাপাটের বাজার পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখার জন্য কাঁচাপাটের সরবরাহ নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে। এজন্য লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচাপাট ক্রয়-বিক্রয় ও মজুত হতে বিরত রাখা। ভেজাপাট ক্রয়-বিক্রয় রোধ করা। বাজারে কাঁচাপাটের সরবরাহ নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাট অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে।