সবজির দাম ঊর্ধ্বমুখী, লেবুর দাম কমলেও শসা-বেগুনে আগুন
ময়মনসিংহের বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত। বেগুন ও শসার দাম দ্বিগুণ হয়েছে, পাশাপাশি মুরগির দামও লাফিয়ে বেড়েছে। তবে লেবুর দাম কিছুটা কমেছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বেগুন এখন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শসার দামও দ্বিগুণ হয়ে ৪০ টাকা থেকে ৮০ টাকায় পৌঁছেছে। মটরশুঁটি ও বরবটি ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা, শিম ২৫ টাকা থেকে ৪০ টাকা, খিরা ৫০ টাকা থেকে ৭০ টাকা, গাঁজর ২৫ টাকা থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
দেশি লাউ ৪০ টাকা থেকে বেড়ে ৭০ টাকা পিস, বাঁধাকপি ও ফুলকপি ২০ টাকা থেকে ২৫ টাকা পিস, ডাঁটা ১৫ টাকা থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে লেবুর দাম ৪০-৫০ টাকা হালি থেকে কমে ৩০-৪০ টাকায় নেমেছে। করলা ৭০ থেকে ৬০ টাকা, টমেটো ১৫ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ, সজিনা ও মিষ্টিকুমড়ার দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম অভিযোগ করেন, "সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ ভোগান্তিতে পড়ছে।"
অন্যদিকে, মুরগির দাম ১০-৫০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা, সাদা কক ২৪০ থেকে ২৯০ টাকা, লাল কক ২৯০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগি কিনতে আসা ক্রেতা আবু সাঈদ বলেন, "প্রতি বছর ঈদের আগে মুরগির দাম বাড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি।"
এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা বলেন, "বাজার মনিটরিং করা হচ্ছে, অযৌক্তিকভাবে দাম বাড়ানোর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"