সাভারে হাত-পা বাঁধা সেই মরদেহের পরিচয় মিলেছে
সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো সেই মরদেহের পরিচয় মিলেছে, তার নাম শহিদ (৪০)।
গত (১১ জুন) সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকার একটি পরিত্যক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়।
জানা যায় নিহত শহিদ মানিকগঞ্জের বালির টেকের মৃত খেপা মোল্লার ছেলে। সে সাভারে রাজাসন মন্ডলপাড়া আবুল কাসেমের গ্যারেজে গত ২ বছর যাবৎ অটোরিকশা চালাতেন৷ নিহতের স্ত্রী লাইলী তার পরিচয় সনাক্ত করেছেন।
এদিকে পুলিশ জানায়, সকালে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) সিকদার হারুন রসিদ বলেন, নিহতের স্ত্রী লাইলী আক্তার তার পরিচয় সনাক্ত করেছেন। তিনি জানিয়েছেন, তার স্বামী শহিদ গতকাল শুক্রবার (১০ জুন) সন্ধান অটোরিকশা নিয়ে রাজাসন মন্ডলপাড়া থেকে বের হয় আর ফিরে আসেনি। সাভার মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।