শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাভারে চলন্ত বাসে ছিনতাই, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 15 এপ্রিল 2025, 09:13 সকাল • 257 বার পঠিত
সাভারে চলন্ত বাসে ছিনতাই, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা

সাভারে চলন্ত বাসে যাত্রীদের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের ঘটনা আবারও ঘটেছে। একই সঙ্গে আবারও স্পষ্ট হয়ে উঠেছে দেশের গণপরিবহনব্যবস্থার নিরাপত্তা ঘাটতির বাস্তবতা।

গত ১১ এপ্রিল দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজের কাছে সাভার পরিবহনের একটি বাসে এবং সোয়া ১২টার দিকে সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনের আরেকটি বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাসে যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে তিন নারী যাত্রীর স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এই ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন নয়। এর আগে ২ মার্চ ও ৪ এপ্রিল একই এলাকায় রাজধানী পরিবহন ও ইতিহাস পরিবহনের বাসে একই ধরনের ডাকাতি ঘটে। ধারাবাহিক এসব ঘটনার ভিত্তিতে বলা যায়, সাভার ও আশপাশের এলাকায় চলন্ত বাসে ছিনতাই এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব ছিনতাইয়ে বিশেষভাবে নারী যাত্রীদের টার্গেট করা হচ্ছে। অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা নারীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দেয়।

প্রতিবারই পুলিশ তদন্তের আশ্বাস দিলেও বাস্তবে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা চোখে পড়ে না। অপরাধীদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপের অভাবেই তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চলন্ত বাসে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকা জরুরি। পাশাপাশি বাসচালক ও সহকারীদের ভূমিকা নিয়েও তদন্ত প্রয়োজন, কারণ অনেক সময় তাদের ছিনতাইকারীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়।

চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। প্রতিটি বাসে নিরাপত্তা ক্যামেরা স্থাপন, নিয়মিত চেকপোস্ট পরিচালনা এবং সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি বাড়ানো উচিত। সেই সঙ্গে চালক ও সহকারীদের যথাযথ প্রশিক্ষণ ও মনিটরিং নিশ্চিত করা জরুরি।

এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং বাসমালিকদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সাভারে আর কোনো বাসে ছিনতাই বা ডাকাতি দেখতে চায় না দেশের সাধারণ মানুষ।