সাভারে আশুলিয়ায় নিজ বাসা থেকে শিশুর লাশ উদ্ধার
আশুলিয়ায় নিজ বাসা থেকে কম্বল মোড়ানো অবস্থায় সাজ্জাদ হোসেন নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ঘরে একা পেয়ে শিশুটিকে হত্যা করে ঘরের সব কিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬তলা ভবনের পঞ্চমতলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাজ্জাদ হোসেন ভোলার সদর থানার ইউসুফ হোসেনের ছেলে। সাজ্জাদ আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় বাবা-মার সঙ্গে বসবাস করতো।
স্বামী-স্ত্রী দুইজনই কর্মজীবী। প্রতিদিনের মতো কাজ শেষে শিশুর মা আগে বাড়ি ফিরেন । শিশুকে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে ঘরের বাথরুমের উপরের ফলস ছাদের ভিতরে কম্বলে মোড়ানো অবস্থায় সাজ্জাদকে দেখতে পান। পরে দেখতে পান, ঘরে থাকা টাকা ও স্বর্ণাংলাকার লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।