সারাবিশ্বে গত ২৪ ঘন্টায় শনাক্ত ৩৫ লাখ, মৃত্যু ১০ হাজারের বেশি
বিশ্বে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৫ লাখে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তান। এতে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার।
গত বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আট শতাধিক। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জনে।