সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং কাল থেকে
বিদ্যুৎ সংকট সমাধান করতে আগামীকাল মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ে যাচ্ছে দেশ। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত এসেছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক থেকে জানানো হয়, এখন থেকে দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হবে। কোথায় কখন লোডশেডিং হবে, তা জানিয়ে দেবে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলো। রাত ৮টার পর সারা দেশের মার্কেট বন্ধ থাকবে।
এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম আকাশচুম্বি হয়ে যাওয়ায় আপাতত দেশের ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রাখা হবে।
সরকারি ও বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত হয়েছে সভায়। এছাড়া সরকারি-বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘণ্টা কমিয়ে আনার চিন্তাও করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি বলেও জানানো হয়।