শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শান্তিরক্ষা মিশনের বহুমুখী দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজন টেকসই বাজেট

অনলাইন নিউজ পোর্টাল • 04 মে 2021, 12:18 দুপুর • 146 বার পঠিত
শান্তিরক্ষা মিশনের বহুমুখী দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজন টেকসই বাজেট

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ওপর অর্পিত বহুমুখী দায়িত্বের বাস্তবায়নে প্রয়োজন পর্যাপ্ত ও টেকসই শান্তিরক্ষা বাজেট। জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত শান্তিরক্ষা মিশনসমূহের বাজেট সেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, শান্তিরক্ষা মিশনসমূহের ওপর অর্পিত বহুমুখী দায়িত্ব যথাযথভাবে পরিপালনের জন্য পর্যাপ্ত ও টেকসই শান্তিরক্ষা বাজেট প্রয়োজন এবং মিশনসমূহ যথোপযুক্ত বাজেট পেলো কিনা তাও নিশ্চিত করা জরুরি।

শান্তিরক্ষা মিশনে সৈন্য ও পুলিশ প্রেরণকারী দেশগুলো যাতে তাদের শান্তিরক্ষী ও সাজ-সরঞ্জাম মোতায়েনের অর্থ যথাসময়ে পায় তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। বাংলাদেশ বর্তমানে শান্তিরক্ষা কার্যক্রমে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বের ৭টি মিশনে বাংলাদেশের প্রায় ৭ হাজার শান্তিরক্ষী কর্মরত রয়েছেন।

শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধির ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপসমূহের কথা তুলে ধরে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের ‘নারী, শান্তি ও সুরক্ষা’ বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার মূল কৌশলের একটি। শান্তিরক্ষা কার্যক্রম বিশেষ করে এর উচ্চ পর্যায়ে নারীর অংশগ্রহণ কম থাকার বিষয়টিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।