শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সাংবাদিক রোজিনাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 18 মে 2021, 04:31 দুপুর • 773 বার পঠিত
সাংবাদিক রোজিনাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে

সরকারি নথির ছবি তোলার অভিযোগে দায়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টায় একটি প্রিজন ভ্যানে করে সাংবাদিক রোজিনাকে ওই কারাগারে নেওয়া হয়।

জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২০ মে তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। এ সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত ছিলেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু ও স্বজনরা।

সাংবাদিক রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, রোজিনার শারিরীক অবস্থা ভালো না। তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

প্রসঙ্গত, গত সোমবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাংবাদিক রোজিনা পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে পুলিশে হেফাজতে নেওয়া হয়।