শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ই-পাসপোর্টের জন্য চালু হলো ই-গেট

অনলাইন নিউজ পোর্টাল • 01 জুলাই 2021, 05:57 বিকাল • 244 বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ই-পাসপোর্টের জন্য চালু হলো ই-গেট

২০২০ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। যদিও সে সময় করোনা মহামারি এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ অন্যান্য জটিলতার কারণে চালু করা সম্ভব হয় নি।

অবশেষে ৩০ জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টের জন্য চালু হলো ই-গেট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করতে সক্ষম হয়েছে।

২০১৮ সালের ১৯ জুলাই ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি)  এবং জার্মানি ভেরিডোস জিএমবিএইচ সংস্থা ইলেকট্রনিক পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এই সংস্থাটির মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক অবস্থায় ই-পাসপোর্টধারীদের শনাক্ত করবে ই-গেট। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো রয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপে সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। যা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে করতো ইমিগ্রেশন পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আন্তর্জাতিক মানের পাসপোর্ট চালু করেছি। আমাদের প্রতিদিন ২০ হাজার পাসপোর্ট প্রিন্ট করার সক্ষমতা আছে, করোনার কারণে ৮-৯ হাজার প্রিন্ট হচ্ছে। আমরা শুধু বিশ্বমানের পাসপোর্ট তৈরি করিনি, সবকিছু সমান তালে এগিয়ে যাচ্ছে।