শাহজালাল বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণসহ বিমানের মেকানিক আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮ কেজি স্বর্ণসহ বিমানের এক এয়ারক্রাফট মেকানিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা।
আজ সোমবার সকালে এয়ারপোর্ট এপিবিএন এই তথ্য জানায়।
রবিবার রাত ১০টায় বিমানবন্দরের হ্যাংগারের সামনে থেকে আটক করা হয় তাকে। এ সময় তার কাছে লুকানো অবস্থায় পাওয়া যায় ৬৮টি গোল্ডবার, যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম। এ বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
তবে এ স্বর্ণের ব্যাপারে এখনো কোনো সদুত্তর দিতে পারেননি। জিজ্ঞাসাবাদে আটক এয়ারক্রাফট মেকানিক শফিকুল বিমানের ডগ বক্স থেকে এই স্বর্ণ সংগ্রহ করেন বলে জানান। কিন্তু তাকে এই স্বর্ণের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো সুস্পষ্ট তথ্য না জানিয়ে উদ্দেশ্যহীন কথাবার্তা বলতে থাকেন তিনি। তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক।