সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও স্মার্টকার্ড পাননি
ঢাকা: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হওয়ার আট বছর পেরিয়ে গেলেও এখনও সাড়ে পাঁচ কোটির মতো ভোটার স্মার্টকার্ড পাননি। কবে নাগাদ তারা এই কার্ড পাবেন, তারও কোনো নিশ্চয়তা নেই।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। অর্থাৎ, এখনও ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন স্মার্টকার্ডের জন্য অপেক্ষায় রয়েছেন।
২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করে ইসি। কিন্তু আর্থিক সংকটসহ বিভিন্ন কারণে বিতরণ কার্যক্রম ব্যাহত হয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় ২০১১ সালে স্মার্টকার্ড প্রকল্প গ্রহণ করে ইসি। এরপর ২০১৫ সালের ১৪ জানুয়ারি ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থার টেকনোলজিসের সঙ্গে ৯ কোটি ব্ল্যাংক স্মার্টকার্ড তৈরির চুক্তি হয়। চুক্তির মেয়াদ ১৮ মাস থাকলেও ২০১৭ সালের জুন পর্যন্ত প্রতিষ্ঠানটি কার্ড সরবরাহ সম্পন্ন করতে পারেনি। ফলে তাদের থেকে জরিমানা আদায় করা হয়।
অবার্থার ১.৫১ ডলার দরে ৭ কোটি ৭৩ লাখ কার্ড সরবরাহ করলেও ১ কোটি ২৭ লাখ কার্ড ঘাটতি থেকে যায়। বর্তমানে ভোটার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও সাড়ে চার কোটি ব্ল্যাংক কার্ড তৈরি এবং বিতরণ করতে হবে। এজন্য নতুন করে ‘আইডিইএ’ দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে তিন কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা থাকলেও ডলারের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ) ২ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৭২০টি কার্ড সরবরাহ করবে। বাকি কার্ড রাজস্ব খাত থেকে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন প্রকল্পের অগ্রগতি ধীরগতিতে চলছে।
ইসি সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৮ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ২৬৮টি স্মার্টকার্ড প্রিন্ট করা হয়েছে, যার মধ্যে ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯টি বিতরণ সম্পন্ন হয়েছে। ১ কোটি ৯৫ লাখ ৪২ হাজার ৯১৯টি কার্ড এখনও বিতরণের অপেক্ষায় রয়েছে।
নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্মার্টকার্ড সংকট তৈরি হয়েছে। সেনাবাহিনীর সঙ্গে ১৭২ টাকা দরে কার্ড ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং প্রক্রিয়া এগিয়ে চলছে।
বর্তমানে স্মার্টকার্ডের পরিবর্তে কাগজের এনআইডি বিতরণ করা হচ্ছে। তবে বিভিন্ন সেবা নিতে গেলে স্মার্টকার্ডের অভাবে নাগরিকরা সমস্যায় পড়ছেন। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলেই দ্রুত স্মার্টকার্ড বিতরণ করা হবে।