সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ চট্টগ্রামে বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের। তার আকস্মিক মৃত্যুতে সমাবেশটি বাতিল করা হয়েছে।
দেশের অন্যতম প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠক হিসেবে কাজ করা আব্দুল্লাহ আল নোমান রাজনীতির সূচনা করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে। পরবর্তীতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপিতে যোগ দেন।